দ্বিতীয় পর্বে স্টুডেন্ট টু স্টার্টআপ

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৫০  
শিক্ষা জীবন থেকেই উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শুরু হচ্ছে স্টুডেন্ট টু স্টার্টআপ’র দ্বিতীয় অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এবারের আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও। রোববার এই কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠান থেকেই ঘোষণা করা হবে কোন কোন বিশ্ববিদ্যালেয়ে কবে কবে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই নিবন্ধন করতে ২৫টি ভেন্যুকে বাছাই করা হয়েছে। নিবন্ধনের পর ৪০টি বিশ্ববিদ্যালয়ে দুই দিন ধরে এই অনুষ্ঠান চলবে। প্রথম দিন হবে ওয়ার্কশপ এবং দ্বিতীয় দিনে হবে পিচিং সেশন। অবশ্য তার আগেই অনলাইনে (startupbangladesh.gov.bd) নিজেদের উদ্ধাবনী ধারণা নিবন্ধন করতে পারবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে পিএইচডি শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন না। একক বা দলীয় ভাবে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। সর্বোচ্চ ৩ শিক্ষার্থী মিলে একটি দল গঠন করতে পারবেন। একই ব্যক্তি বা দল একাধিক উদ্ভাবনী ধারণার সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন না। আর ১৮ বছরের কম বয়সের অংশগ্রহণকারীদের জন্য দলের যে কোন এক সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। সূত্রমতে, চট্টগ্রাম-১ (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), চট্টগ্রাম-২ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রাঙ্গামাটি (রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), রাজশাহী (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দিনাজপুর (হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সিলেট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।এছাড়াও যশোর (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খুলনা (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কুষ্টিয়া (ইসলামিক বিশ্ববিদ্যালয়), বরিশাল (বরিশাল বিশ্ববিদ্যালয়), পটুয়াখালী (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নোয়াখালী (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পাবনা ( পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কক্সবাজার (কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), নাটোর (বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।ঢাকা দক্ষিণ (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ঢাকা নর্থ (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), সাভার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), গাজীপুর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়), ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), টাঙ্গাইল (মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), গোপালগঞ্জ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কুমিল্লা (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) ও ফেনীতে (ফেনী বিশ্ববিদ্যালয়) নিবন্ধন কার্যক্রম চলবে। যৌথভাবে এই আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া প্রকল্প) এবং ডিজিটাল বাংলাদেশ। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং দেশের শীর্ষস্থানীয় যুব প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। প্রসঙ্গত, স্টুডেন্ট টু স্টার্টআপ আয়োজনে ২০১৮ সালের ১৫ মার্চ আইডিয়া প্রকল্প এবং ইয়াং বাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত মে মাসে শেষ হয় স্টুডেন্ট টু স্টার্টআপের প্রথম অধ্যায়। এই পর্বে ৪০টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইন থেকে ১২০টি প্রকল্প বাছাই করার পরে উদ্যোক্তা, উদ্ভাবন এবং স্টার্টআপ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়। পরে এদের মধ্য থেকে মোট ৩০টি প্রকল্প আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ‘সিলেকশন কমিটি’র মুখোমুখি হয়। সবশেষে বিজয়ী হিসেবে সেরা দশ স্টার্টআপকে ১০ লাখ টাকা করে সরাসরি অনুদান দেয়া হয়। পাশাপাশি ২০স্টার্টআপকে গ্রুমিংয়ের জন্য বাছাই করা হয়। এবারও বিজয়ী ১০ স্টার্টআপকে অনুদান দেয়া হবে ১০ লাখ টাকা করে। সেই সঙ্গে শীর্ষ ৩০-এ থাকা অপর ২০ স্টার্টআপও আইডিয়া প্রকল্প থেকে এই বিশেষ প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপ গুলো প্রস্তুত হলে তাদের জন্যও অনুদান প্রদান করবে আইডিয়া প্রকল্প।